প্রথম বাংলাদেশি হিসেবে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই আট হাজার মিটার পর্বতশৃঙ্গে বাবর আলী
কোনো অক্সিজেন সিলিন্ডার সহায়তা ছাড়াই বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) অভিযানে সফল হলেন এভারেস্ট জয়ী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ব্যবহার না করে আটহাজারি শিখর স্পর্শ করেছেন তিনি।বাবর আলীর এ সাফ্যল্যের খবর নিশ্চিত করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে আটহাজারি শিখর স্পর্শ করেন বাবর।এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এর পর এটি বাবরের চতুর্থ আটহাজারি শৃঙ্গ সামিট, যা বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আটহাজারি শিখর সামিটের দৃষ্টান্ত।এ সফলতা প্রসঙ্গে বাবর আলী সময় সংবাদকে বলেন,
পৃথিবীতে ১৪টি আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে। ইতোমধ্যে তিনটিতে গিয়েছি। এটি আমার চতুর্থতম পর্বত। আশা আছে, ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়াও ছুঁয়ে দেখার।
বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) অভিযানে শিখরে বাবরের সাথে পর্বতসঙ্গী ছিলেন তানভীর আহমেদ। বাবরের পর তানভীরও পর্বতশৃঙ্গ ছুঁয়ে সফল হন অভিযানে। তাদের যৌথ অভিযানের নাম ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’।
বাবর ও তানভীরের এবারের পর্বত অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘সামুদা’ও ‘গিগাবাইট বাংলাদেশ’। দুই প্রতিষ্ঠান ছাড়াও অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে রয়েছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সিনো ভেস্ট, সিয়েরা রোমিও ইন্টারন্যাশনাল এবং চন্দ্রবিন্দু প্রকাশন।

Post a Comment